শিলখালী উচ্চ বিদ্যালয়

পাশ্চাত্যে স্কুল বলতে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বুঝায়, প্রাচ্যে বিদ্যালয় বলতে প্রায় একই অর্থ বুঝায় তবে চর্চায় কিছুটা পার্থক্য আছে। পাশ্চাত্যে বিদ্যা চর্চা অনেকটা প্রশিক্ষণের মতো আর প্রাচ্যে বিদ্যা চর্চা অনেকটা গুরু-শিষ্যের সম্পর্ক-নির্ভর; প্রাতিষ্ঠানিকতা কম। পাশ্চাত্যে স্কুল বলতে তাই শিক্ষণ, প্রশিক্ষণ ছাড়া ও ঘরানা বা মতবাদও বুঝায়। প্রাচ্যে বিদ্যালয় বলতে শিক্ষা প্রতিষ্ঠান বুঝায়। আমার স্কুলও প্রাচ্যের একটি বিদ্যালয় নাম - শিলখালী উচ্চ বিদ্যালয়, সাকিন; থানা: পেকুয়া, জেলা: কক্সবাজার। এখানে আমার শিক্ষার্থী সময়ে গুরুসম শিক্ষকগণ বিদ্যা চর্চা করাতেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এটা ছিল আমার চতুর্থ স্কুল। প্রথম: মহেশখালী মডেল ফ্রি প্রাইমারি স্কুল। দ্বিতীয়: মহেশখালী উচ্চ বিদ্যালয়। তৃতীয়: পেকুয়া জিএমসি ইন্সটিটিউশন। বাবার চাকরি সূত্রে আমার মহেশখালী থেকে চকরিয়ার (এখন পেকুয়া থানা) বারবাকিয়া ইউনিয়নে আসা। বারবাকিয়ায় ভালো স্কুল না থাকায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য পেকুয়ায় যেতে হয়েছিল। তখন পেকুয়া ছিল আলাদা ইউনিয়ন। এই দুইটি ইউনিয়নের মাঝে একটি খাল ছিল। বাঁশের সাঁকো পার হয়ে স্কুলে যেতে হতো। বর্ষায় পিচ্ছিল কাদা আমাদের ভারসাম্যের পরীক্ষা নিত। আমরা ফেল করতাম। গড়িয়ে পড়তাম বাঁধের পাড় থেকে খালে। ভিজে যেত বই-খাতা-জামা-কাপড়। তবে ধীরে ধীরে আমরা ভারসাম্য রক্ষা করা শিখলাম। আরো শিখলাম, জীবনে আছাড় খেতে হয়, উঠে দাঁড়াতে হয় এবং দৃঢ়ভাবে হেঁটে যেতে হয়। পেকুয়া জিএমসি ইন্সটিটিউশনে আমি সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ি। ঐ প্রতিষ্ঠানের শিক্ষক করুণাময় শর্মা স্যারের বাড়ি মহেশখালীতে। স্যার সে বছর শিলখালী উচ্চ বিদ্যালয়ে চলে আসেন। আসার সময় আমার বাবাকে বলে আমাকে নিয়ে আসেন। আমার হাঁটার পথ পরিবর্তন হয়ে গেল। আমাকে আর খাল পার হতে হবে না। তবে হাঁটার কষ্ট থেকে গেল। থাকুক।

বারবাকিয়া বাজার সংলগ্ন তহশিল অফিস ছিল আমার বাসা। শিলখালী স্কুলে যেতে আমার তেমন আপত্তি ছিল না কারণ পেকুয়া স্কুলে আমার তেমন সহপাঠী-বন্ধু ছিল না। আবার অনীল স্যারও [অনীল কুমার নাথ] বাবাকে বললেন শিলখালী ভালো হবে। অনীল স্যারের বাড়ি বারবাকিয়া বাজার সংলগ্ন। স্যার আমাকে পড়াতেন। ইংরেজি এবং গণিত জোর দিয়ে পড়াতেন। করুণাময় এবং অনীল স্যারের প্রস্তাবে আমার শিলখালীতে ভর্তি হওয়া সম্ভবত ১৯৭৫ সালে।

শিলখালী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস আমার জানা ছিল না। এখনও জানা নেই। রেজাউল করিম জানেন। তিনি জানাচ্ছেন এই স্কুল প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালে। জুনিয়র হাই স্কুল হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল। ভর্তি হওয়ার পর জানলাম শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম স্যার [জসিম উদ্দীন আহমদ]। দেখলাম স্কুলঘরটি কাঁচা। শিক্ষক ঘরটি পাকা; প্রাইমারি স্কুল-সংলগ্ন বলে। এটা ছিল একটি বিকাশমান স্কুল। কয়েকজন বিদ্যানুরাগী ব্যক্তি এই স্কুল প্রতিষ্ঠার পেছনে নিরলস পরিশ্রম করেছেন এবং তাঁরা জনসাধারণের সহযোগিতায় এই প্রতিষ্ঠান দাঁড় করান। শিলখালী তখনও অনুন্নত গ্রাম। দু-একজন সম্পন্ন জমির মালিক ছাড়া বাকিরা ছিলেন নিছক কৃষিজীবী। অসচ্ছলতা ছিল প্রায় ঘরেই।

১৯৭৫–১৯৭৭ সালেও খাদ্যভাব ছিল প্রকট। অর্থ উপার্জন ছিল বিদ্যার্জনের চেয়ে প্রয়োজনীয়। জসিম স্যার এই ধরনের আর্থসামাজিক অবস্থায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে নিজেকে জড়িয়েছিলেন সম্ভবত শিক্ষানুরাগ বা শিক্ষার প্রসারের গুরুত্ব অনুভব করে। আমি কখনও স্যারকে এ-ব্যাপারে জিজ্ঞাসা করিনি। আমার মনে হয়, বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে পরিচালিত মুক্তিযুদ্ধ সে সময়ের যুবকদের সমাজের মঙ্গল এবং অগ্রগতির কাজে উদ্বুদ্ধ করেছিল। স্যারের মধ্যেও সেই অনুপ্রেরণা ছিল। স্কুলের বিষয়ে স্যারের একটা আন্তরিক প্রতিজ্ঞাও ছিল।

স্কুলঘর নির্মাণের চেয়ে শিক্ষক এবং ছাত্রের প্রয়োজনীয়তা অধিক; জসিম স্যার এ-কথা উপলব্ধি করেছিলেন। আমি গিয়ে পেলাম করুণাময় স্যার, অনীল স্যার, দীপেশ স্যার [দীপেশ রঞ্জন পাল], সাবের স্যার [সাবের আহমদ], মনজুর স্যার [মনজুর আহমদ আনসারী] এবং কাশেম স্যারকে [আবুল কাশেম]। পরে এলেন কবীর স্যার [কবীর হোসাইন] ও জয়নাল স্যার [জয়নাল আবেদীন]। বর্ণিত স্যারদের নিয়ে এসেছিলেন জসিম স্যার। আলয়ের চেয়ে বিদ্যা অনেক গুরুত্বপূর্ণ; আর সে বিদ্যা চর্চার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষক—এ কথাও জসিম স্যার অনুধাবন করেছিলেন।

এসব উপলব্ধি থেকে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ, জ্ঞানানুরাগী এবং নিবেদিত-প্রাণ তরুণ শিক্ষকদের নিয়ে এসেছিলেন। শিলখালীর মতো অপেক্ষাকৃত রক্ষণশীল জনপদে এই তরুণদের নিয়ে আসা সহজ কাজ ছিল না। জসিম স্যার পেরেছিলেন। আগেই বলেছি, করুণাময় স্যারের বাড়ি মহেশখালী, দীপেশ স্যারের বাড়ি আনোয়ারা। অনীল স্যার, কবীর স্যার এলাকার হলেও অন্যত্র পড়াতেন। আমি অষ্টম শ্রেণিতে এসে এই স্যারদের পেয়ে ধন্য হলাম।

আজও আমার স্মৃতিতে ভাসে, শরৎ-শীতের সকালের নরম আলোয় পাকা অফিসঘরের মেঝেতে রোদ পোহাতে পোহাতে কাশেম স্যার আর করুণাময় স্যার আমাকে গণিত আর ইংরেজি পড়াচ্ছেন। যেন কয়েক হাজার বছর আগে প্লেটো তাঁর বিদ্যায়তনে।

বাণীসমূহ

Card image cap আলহাজ জসিম উদ্দিন আহমদ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক

শিলখালি উচ্চ বিদ্যালয় আমাদের আত্মপরিচয়ের স্থায়ী ঠিকানা। অনেক দুর্ভোগ সহ্য করে এটি আজ পূর্ণ অবয়বে প্রতিষ্টিত। একে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে এক উন্নত সংস্কৃতি। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন উচ্চ পদে আজ এ প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা প্রতিষ্টিত। এর উত্তরন সত্যিই বিস্ময়কর। প্রতিষ্টাতা পরিবারের সদস্য হিসেবে বিদ্যালয়ের চরম দুর্দিনে আমি এর হাল ধরেছিলাম। হৃদয় মনের উচ্ছাস দিয়ে একে অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উচ্চ বাসনা-ই আমাকে এগিয়ে চলার সাহস যুগিয়েছিল। আমার জীবনের সুন্দর মুহূর্তগুলি আমি এ-প্রতিষ্ঠানের জন্য উৎসর্গ করেছি। এর সাথে আমার রয়েছে নাড়ীর সম্পর্ক। বিদ্যালয়ের সেবা কর্মে যারা আমাকে সহযোগিতা করেছে তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।

Card image cap মোহাম্মদ ইব্রাহিম প্রধান শিক্ষক

কক্সবাজার জেলার শিক্ষাঙ্গনে একটি অতি পরিচিত নাম শিলখালি উচ্চ বিদ্যালয়। ১৯৬৮ সালে এই বিদ্যালয় প্রতিষ্টিত হয়ে জ্ঞানের মশাল জ্বালিয়ে এলাকাকে আলোকিত করে যাচ্ছে। যাদের আত্মত্যাগ আর নিরলস প্রচেষ্টা ও কঠোর সাধনায় এই বিদ্যালয় প্রতিষ্টিত, বিদ্যালয়ের ৫০ বছর পূর্তির এই শুভ সন্ধিক্ষণে তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দীর্ঘ সার্ধশত বছর যাবত এই বিদ্যালয় শিক্ষার্থীদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষা দান করে যাচ্ছে। যার ফলে বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন পর্যায়ে উচ্চ পদে আসীন হয়ে দক্ষতার সাথে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। বিদ্যালয়ের অভিজ্ঞ, দক্ষ নিবেদিত শিক্ষকমন্ডলীর নিরলস প্রচেষ্টা, পরিচালনা পর্ষদের আন্তরিকতা ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সার্বিক সহযোগীতা প্রভৃতি বিদ্যালয়ের সুনাম ও খ্যাতি বৃদ্ধি করেই চলেছে।

প্রধান শিক্ষকগনের তালিকা

জনাব আহমেদ কবির
বিকম

সময়কালঃ 1968-01-01 to 1970-12-05


জনাব মৌলভী নুরুল হোছাইন
এফএম, বিএ, বিএড

সময়কালঃ 1970-12-05 to 1972-07-01


জনাব মোয়াজ্জেম হোসেন
বিএ

সময়কালঃ 1972-08-01 to 1972-10-06


জনাব আলহাজ জসিম উদ্দিন আহমেদ
বিকম, বিএড

সময়কালঃ 1972-11-06 to 1979-06-07


জনাব মৌলভী নুরুল হোছাইন
এফএম, বিএ, বিএড

সময়কালঃ 1979-07-07 to 1982-03-01


জনাব সৈয়দ সুলতান আহমদ (ভারপ্রাপ্ত)
বিএসসি, বিএড

সময়কালঃ 1982-01-07 to 1982-03-09


জনাব আলহাজ জসিম উদ্দিন আহমেদ
বিকম, বিএড

সময়কালঃ 1982-04-09 to 2012-03-04


জনাব আব্দুল মালেক (ভারপ্রাপ্ত)
বিএ, বিএড

সময়কালঃ 2012-01-05 to 2013-03-01


জনাব আবুল কালাম আজাদ (ভারপ্রাপ্ত)
বিএ, বিএড

সময়কালঃ 2013-01-02 to 2013-10-10


জনাব জাকের হোসেন (ভারপ্রাপ্ত)
বিএসসি, বিএড

সময়কালঃ 2013-11-10 to 2013-03-11


জনাব মোহাম্মদ ইব্রাহিম
বিকম, বিএড, এমএ

সময়কালঃ 2013-01-12 to


আমাদের বিসিএস ক্যাডারবৃন্দ